রাজপালের পাশে প্রিয়দর্শন, দ্বিগুণ পারিশ্রমিকে নতুন ছবির প্রস্তাব

৯ কোটির চেক বাউন্স মামলার জেরে কারাগারে যেতে হয়েছে বলিউড অভিনেতা রাজপাল যাদব। এই পরিস্থিতিতে বলিউডের একাংশ যেমন তার পাশে দাঁড়িয়েছে, তেমনি এবার অভিনয়ের সুযোগ দিয়ে সহায়তার হাত বাড়ালেন পরিচালক প্রিয়দর্শন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়দর্শন জানান, তাঁর প্রযোজনা সংস্থা জুবিলি ফিল্মস রাজপালকে নতুন ছবিতে অভিনয়ের সুযোগ দেবে। শুধু তাই নয়, এই ছবিতে অভিনেতাকে তার স্বাভাবিক পারিশ্রমিকের দ্বিগুণ সম্মানী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ছবিতে রাজপালকে খলচরিত্রে দেখা যাবে বলে জানা গেছে। 

পরিচালকের ভাষ্যে, বর্তমান পরিস্থিতি বিবেচনা করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, রাজপাল মূলত একজন সৎ ও সরল মানুষ, যিনি একটি ভুল সিদ্ধান্তের কারণে বিপাকে পড়েছেন।

প্রিয়দর্শনের সঙ্গে রাজপালের পরিচয় বহুদিনের।

২০০০ সালে ‘জঙ্গল’ ছবিতে প্রথম তার অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন পরিচালক। পরে ২০০৬ সালে ‘মালামাল উইকলি’-তে প্রিয়দর্শনের পরিচালনায় কাজ করেন রাজপাল। এর পর থেকে পরিচালকের একাধিক ছবিতে তাকে দেখা গেছে। 

উল্লেখ্য, ২০১০ সালে ‘আতা পাতা লাপাতা’ নির্মাণের জন্য দিল্লিভিত্তিক একটি সংস্থা থেকে ৫ কোটি রুপি ঋণ নিয়েছিলেন রাজপাল।

ছবিটি বক্স অফিসে ব্যর্থ হওয়ায় সেই ঋণ শোধ করতে না পারায় আইনি জটিলতা তৈরি হয়। ২০১৮ সালে ম্যাজিস্ট্রেট আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দিলেও পরবর্তীতে দিল্লি হাই কোর্ট সেই সাজা স্থগিত করে। 

২০২৪ সালে ফের দোষী সাব্যস্ত হলেও আদালত আশা প্রকাশ করে যে, অর্থ ফেরতের মাধ্যমে মামলার নিষ্পত্তি সম্ভব হবে। জানা গেছে, গত বছরের অক্টোবরে দেড় কোটি রুপি জমা দিলেও এখনও সম্পূর্ণ অর্থ পরিশোধ করতে পারেননি অভিনেতা।

এমন পরিস্থিতিতে প্রিয়দর্শনের এই উদ্যোগ রাজপালের জন্য নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ হয়ে উঠতে পারে বলে মনে করছেন অনেকেই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *