কনে সাজে ভাইরাল ভিডিও, সত্যিই কি বিয়ে করেছেন হানিয়া আমির?

সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎই ছড়িয়ে পড়ে এক ভিডিও, যেখানে কনের সাজে দেখা যায় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে। পাশে রয়েছেন গায়ক আসিম আজহার, তিনিও বিয়ের পোশাকে। মুহূর্তেই শুরু হয় জল্পনা। গোপনে কি বিয়ে সেরে ফেললেন এই দুই তারকা?

ভিডিওতে সোনালি আভায় ঝলমল করা কনে লুকে হানিয়া, আর তার সঙ্গে জাঁকজমকপূর্ণ সাজে আসিম।

নাচ, হাসি আর উৎসবের আবহ— সব মিলিয়ে দৃশ্যটি যেন একেবারে বিয়ের আসর। স্বাভাবিকভাবেই অনুরাগীদের মনে প্রশ্ন জাগে, এটি কি শুধুই আয়োজন, নাকি সত্যিই কোনো গোপন অধ্যায়? 

তবে বাস্তবতা ভিন্ন। ভিডিওটি আসলে হানিয়ার জন্মদিন উদ্‌যাপনের অংশ। ১২ ফেব্রুয়ারি আয়োজিত সেই পার্টির থিম ছিল ‘শাদি’।

তাই কনের সাজে হাজির হয়েছিলেন অভিনেত্রী, আর সেই থিম মেনেই বিয়ের পোশাকে উপস্থিত ছিলেন আসিম। পুরো আয়োজনটাই ছিল উৎসবের আমেজে সাজানো— নাচ, খেলা আর আনন্দঘন মুহূর্তে ভরপুর। 

হানিয়া ও আসিমের সম্পর্ক নিয়ে আলোচনা নতুন নয়। দীর্ঘদিন ধরেই তাঁদের বন্ধুত্ব ও ঘনিষ্ঠতা নিয়ে নানা সময়ে চর্চা হয়েছে।

এর আগে পাকিস্তানি গণমাধ্যমে এমনও খবর এসেছিল, চলতি বছর হয়তো তাঁরা বিয়ের বন্ধনে আবদ্ধ হতে পারেন। সেই পূর্বের গুঞ্জন আর সাম্প্রতিক সাজপোশাক মিলিয়েই বিভ্রান্তি তৈরি হয়েছে। 

গত বছর ইনস্টাগ্রামে বিয়ের গুঞ্জন নিয়ে এক মন্তব্যের জবাবে হানিয়ার রসিক প্রতিক্রিয়া, আমিও শুনছি— আরো উসকে দিয়েছিল কৌতূহল।

২০১৮ সালের দিকে তাঁদের সম্পর্কের শুরু, ২০১৯ সালে তা প্রকাশ্যে আসে। যদিও ২০২০ সালে বিচ্ছেদের খবর সামনে আসে, তবুও সাম্প্রতিক সময়ের উপস্থিতি দেখে অনেকেই মনে করছেন, পুরোনো সম্পর্ক হয়তো নতুনভাবে ফিরে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *